জুলাই সনদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) যুক্ত করে তফসিলের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
যুগপৎ আন্দোলনের তৃতীয় ধাপের কর্মসূচির অংশ হিসেবে বুধবার দেশের সকল জেলা শহরে এ মানববন্ধন করেছে দলটি।
দাবিগুলো হলো–১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এর আগে এসব দাবিতে দুই দফায় ঢাকা, বিভাগীয় শহর, জেলা শহর ও থানায় থানায় কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
তৃতীয় দফার কর্মসূচির প্রথম দিনে মঙ্গলবার ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধনও করে ইসলামী আন্দোলন।
মানববন্ধনে বক্তারা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, তফসিলের আগে গণভোট না হলে আগামী নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।


