দিনাজপুরের পার্বতীপুরে কালনদীতে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুলালী খাতুন (২৩), আকলিমা খাতুন (১৬) ও সুরভী (১৩)। তাদের সবার বাড়ি ভাদুরীপাড়া গ্রামে। নিহত আকলিমা খাতুন বিবাহিত ছিলেন। তিনি তৌহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কালনদীর একটি অংশে গোসল করতে নামেন ওই তিনজন। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করলেও তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই এলাকার তিনজনের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।


