দুইদিনের সফরে আগামী শনিবার নিজের জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। সেখানে তিনি মা-বাবার কবর জিয়ারত ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করবেন।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে আরিফপুর কবরস্থানে রাষ্ট্রপতি তার মা-বাবার কবর জিয়ারত করবেন।
কবর জিয়ারতের পর পাবনা শহরের কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্ক এলাকার নিজ বাড়িতে যাবেন মোঃ সাহাবুদ্দিন। দুপুরের পর আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে রাতযাপনের জন্য সার্কিট হাউসে ফিরে আসবেন। সেখানে নিকটাত্মীয়রা তাঁর সঙ্গে দেখা করবেন।
পরদিন রোববার সকালে আবার হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে আসবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। গতবছর ৫ আগস্টের পর রাষ্ট্রপতি ঢাকার বাইরে যাননি। প্রায় ১৪ মাস পর তিনি নিজের বাড়ি যাচ্ছেন। অতীতে নিজের জেলা সফরের সময় সেখানে সাজ সাজ রব পড়লেও এবার পাবনায় তেমন কোন আয়োজন নেই।


