পাবনার সদর উপজেলায় বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে এ ঘটনা ঘটে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে কয়েকজন সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি জেলেদের ছাউনিতে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুজন। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন সদর উপজেলার গঞ্জমতি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রব্বেল হোসেন (২২), শাহজাহান আলীর ছেলে মিজান আলী (১২), মনিরুল ইসলামের ছেলে সাজিদ হোসেন (১০), শাহাদত প্রামাণিকের ছেলে আব্দুল্লাহ প্রামাণিক (১৮) ও ইবাদুল হোসেনের ছেলে ইমন হোসেন (১৪)। শেষের চারজন চাচাতো ভাই।
আহত দুজন হলেন গজমতি গ্রামের আতাপ আলীর ছেলে রিপন (৩২) ও অজ্ঞাতপরিচয় এক কিশোর (১৪)।
সদর উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আহমদ আলী সরকার বলেন, খবর পেয়ে তিনি ওই গ্রামে গেছেন। নিহতরা সবাই কৃষকের সন্তান। তাদের তালিকা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সরকারিভাবে কিছু সহযোগিতা পাওয়ার সুযোগ রয়েছে।


