পাবনার সাঁথিয়া উপজেলায় আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফছার সরদার ওই গ্রামের কাজি সরদারের ছেলে। তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আফছার সরদারের চিৎকার শুনে পাশের লোকজন এগিয়ে যান। পরে তারা তাকে হাত-পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতসহ গুরুতর জখম অবস্থায় দেখতে পান। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মেয়ে আমেনা খাতুন অভিযোগ করে বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট করাটাই আমার বাবার জন্য কাল হয়ে দাঁড়ায়। নির্বাচনের দিন প্রতিপক্ষরা আমার বাবার ওপর হামলা চালায়। পরে তিনি আত্মরক্ষার্থে বাড়িতে চলে আসেন।’ তার ধারণা, ওই ঘটনার জের ধরেই প্রতিপক্ষরা তার বাবাকে হত্যা করেছে।
এদিকে আফছারের মা আবেদা খাতুন তার ছেলের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ জানান, পূর্ববিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


