পদ্মা সেতুতে চালু হয়েছে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা। এর ফলে এখন থেকে যানবাহন না থামিয়েই টোল পরিশোধ করা যাবে।
সোমবার দুপুর ২টা থেকে ইটিসি ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
এই পদ্ধতি ব্যবহারের জন্য, গাড়ির মালিকদের প্রথমে ট্রাস্ট ব্যাংকের ‘ট্যাপ’ (TAP) অ্যাপের ‘ডি-টোল’ (D-Toll) অপশনের মাধ্যমে নিজেদের যানবাহন নিবন্ধন এবং রিচার্জ করতে হবে। নিবন্ধনের পর, ব্যবহারকারীদের আরএফআইডি (RFID) ট্যাগ পরীক্ষা ও রেজিস্ট্রেশনের জন্য শুধুমাত্র একবার পদ্মা সেতুর আরএফআইডি বুথে যেতে হবে।
দ্বিতীয়বার থেকে একই গাড়িকে টোল দেওয়ার জন্য আর কোথাও থামতে হবে না।
এর পরিবর্তে, গাড়িটি নির্ধারিত ইটিসি লেনের মধ্য দিয়ে যাওয়ার সময় নতুন এই ব্যবস্থাটি ব্যবহারকারীর অ্যাপ থেকে স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেবে। এসময় গাড়ির গতিবেগ থাকতে হবে ঘণ্টায় ৩০ কিলোমিটার।
এক বিবৃতিতে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ‘ট্যাপ’-এর পাশাপাশি এই ব্যবস্থার সঙ্গে অন্যান্য আর্থিক লেনদেন সংক্রান্ত অ্যাপও যুক্ত করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই (একসেস টু ইনফরমেশন) শাখা অন্যান্য অ্যাপ সংযুক্ত করার কাজ করছে।


