কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। এর মধ্যে কক্সবাজারে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহ্উদ্দিনকে জাতীয় বেতন কমিশনে যুগ্ম সচিব হিসেবে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং মাদারীপুরের ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আ. মান্নান কক্সবাজারের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ২৭তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।


