ভরা পদ্মায় বিকালের দমকা হাওয়ায় হঠাৎ উত্তাল হয়ে ওঠে নদী। এ সময় নৌকায় মায়ের কোলে বাড়ি ফিরছিল মাত্র ২০ দিন বয়সী তানিশা। কিছুক্ষণ পরই নৌকাডুবির ঘটনায় মায়ের সঙ্গে উত্তাল নদীর পানিতে ভেসে যায় শিশুটিও। পরে ভারতীয় জলসীমায় তানিশাসহ ১০ বাংলাদেশিকে উদ্ধার করে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী থেকে জোহরপুর-টেক যাওয়ার পথে পদ্মা নদীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে। নৌকাটিতে তানিশাসহ ১২ জন ছিলেন। তানিশার মা তানিয়া খাতুন জানান, তাদের নৌকা ডুবে গেলে তিনি তার সন্তানকে শক্ত করে বুকে আঁকড়ে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন এবং সফল হন।
তানিশা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর গ্রামের মো. সোহেল ও তানিয়া খাতুন দম্পতির মেয়ে।
উদ্ধারের সময় ভারতীয় অংশে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার তারানগর এলাকার বাসিন্দা শ্যামলাল মণ্ডল। রাতে তিনি জানান, বিএসএফ সদস্যরা বাংলাদেশিদের উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসেন। তখন ২০ দিনের শিশু তানিশা অনেকটা নিস্তেজ হয়ে পড়েছিল। পরে বিএসএফ সদস্যরা দ্রুত তাকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটি সুস্থ বলে নিশ্চিত করা হয়।
বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে তানিশাও সুস্থ অবস্থায় দেশে ফিরেছে।


