চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কয়লাসহ তিনজনকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার সকালে পতেঙ্গা থানার চাইনিজ ঘাট এলাকায় বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোটে থাকা ব্যক্তিরা কয়লা পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে সেখান থেকে প্রায় তিন টন চোরাই কয়লা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। একই সঙ্গে বোটসহ তিনজনকে আটক করা হয়।
আটকরা হলেন নূর বক্স (৫৮), মো. বেলাল (১৯) ও মো. জাহিম (১৮)। তারা সবাই চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, কয়লাগুলো চট্টগ্রামের বহির্নোঙর এলাকায় অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা কয়লা, ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উপকূলীয় এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


