নোয়াখালী থেকে অবৈধভাবে মজুদ করে রাখা ১২০০ লিটার তেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় একটি পিকআপও জব্দ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার মো. মুসফিকুর রহমান মাহি (১৯), মাহমুদুল হাসান (২৬), মো. মঞ্জুর আলম (৫৩)
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার আবুল খায়েরের বসত বাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ পেট্রোল মজুত করা হয়েছে বলে পুলিশ জানতে পারে।
সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ আসামিদের কাছ থেকে ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করে। এ সময় পেট্রোল পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যান জব্দ করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। দাহ্য পদার্থ অবৈধভাবে মজুত ও কেনা-বেচার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।


