নেত্রকোনার পূর্বধলায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পর আব্দুল হামিদ (৭৩) নামে এক বৃদ্ধ কৃষকের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঔটি বহুলী মধ্যপাড়া গ্রামের রাস্তার পাশের একটি পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত সদর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক ১০টার দিকে ব্যক্তিগত কেনাকাটার উদ্দেশ্যে বহুলী বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আব্দুল হামিদ। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা ধারণা করেন, তিনি হয়তো কোথাও বসে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ দেখছেন।
সোমবার সকালের দিকে উপজেলার বহুলী বাজার থেকে ফেরার পথে স্থানীয় বাসিন্দা আতিক মিয়া নাদিম মিয়ার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করার পর নিহতের ছেলে জজ মিয়া মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে বৃষ্টি ও অন্ধকারে চলাচলের সময় পা পিছলে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


