নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে ড্রাম্প ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক পথচারী। মঙ্গলবার রাত ১২টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় শেখ জামে মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া গ্রামের তরিকুল ইসলাম বাবুর ছেলে সিহাব হোসেন (১৯) ও তার ছোট ভাই সোয়াদ হোসেন (৬)। আহত মোহাম্মদ হোসেন (১০) একই এলাকার বাসিন্দা। তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি ড্রাম্প ট্রাক পথচারী তিনজনকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এদিকে ট্রাক চাপায় আপন দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কটিতে প্রায়ই দ্রুতগতির যানবাহন চলাচল করে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কে গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।


