বাংলাদেশের সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে মত দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম)।
শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবাদিক সম্মেলনে ইইউ মিশনের প্রধান পর্যবেক্ষক ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস এ কথা বলেন।
তিনি বলেন, ২০২৬ সালের এই নির্বাচনের আইনগত কাঠামো আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করে সব পক্ষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের এই পর্যবেক্ষক দল মনে করে, নির্বাচনে জনআস্থা পুনর্গঠনে নাগরিক পর্যবেক্ষক, ফ্যাক্ট-চেকার এবং তরুণ ও নারী কর্মীদের ভূমিকা ছিল প্রশংসনীয়। তাদের তৎপরতা ভোটারদের সচেতন সিদ্ধান্ত নিতে এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করেছে।
ইইউ পর্যবেক্ষকদের মতে, ভোটের দিনটি ছিল সুশৃঙ্খল, উৎসবমুখর ও শান্তিপূর্ণ। ভোটগ্রহণ থেকে শুরু করে গণনা পর্যন্ত প্রতিটি ধাপে নির্বাচনকর্মীরা দক্ষতার পরিচয় দিয়েছেন। এছাড়া সব পর্যায়ে রাজনৈতিক দলগুলোর এজেন্টদের উপস্থিতি এবং রিটার্নিং কর্মকর্তাদের দ্রুত ফলাফল প্রচার জনআস্থা ধরে রাখতে বড় ভূমিকা রেখেছে।
তবে সফলতার পাশাপাশি কিছু সীমাবদ্ধতার কথাও জানিয়েছে ইইউ মিশন। ইভার্স ইজাবস জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীন অংশগ্রহণ সব ক্ষেত্রে নিশ্চিত করা যায়নি। নারীদের জন্য সীমিত রাজনৈতিক পরিসর তাদের সমান অংশগ্রহণে বাধা সৃষ্টি করেছে। এছাড়া আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্ব এখনো আশানুরূপ নয়।
প্রসঙ্গত, নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের মোট ২২৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলায় দায়িত্ব পালন করেন।


