ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘নির্বাচনের পরিবেশ ভালো আছে। আমরা বিশ্বাস করি, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে পারব।’
সোমবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি আপিলের বুথ পরিদর্শন করে এসব কথা বলেন।
সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। আমরা কনভিন্সড সবার সহযোগিতা নিয়ে সুষ্ঠু নির্বাচন দিতে পারবো।’
এদিন সকাল থেকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মনোনয়ন বাতিল প্রার্থীদের আপিল আবেদন জমা নেওয়া হচ্ছে। আগামী ১০ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই আপিল আবেদনের ওপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে।


