নারায়ণগঞ্জে নিখোঁজের নয় দিন পর একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কামরুন নাহার ইতি পার্লারটির মালিক ছিলেন। এ ঘটনায় ইতির স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করা হয়েছে।
শুক্রবার বিকালে শহরের আমলাপাড়া এলাকায় পরী বিউটি পার্লারের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের স্বজনরা জানান, ইতির স্বামী মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রায়ই ইতিকে নির্যাতন করত। গত ২৮ জানুয়ারী থেকে ইতি নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে পার্লারটির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক ও স্থানীয়রা, পুলিশ এবং নিহতের স্বজনদের খবর দেয়। পরে পুলিশ পার্লারের দরজার তালা ভেঙে টয়লেটের ভেতর থেকে ইতির মরদেহ উদ্ধার করে।
ইতির নিঁখোজ হওয়ার বিষয়ে আনোয়ার একেবারেই নির্বিকার ছিল বলে অভিযোগ করেন তার স্বজনরা।
সদর মডেল থানার উপ-পরিদর্শক দেলোয়ার জানান, নিহতের মরদেহটি পঁচে যাওয়ায় সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করেছে। নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।


