কক্সবাজারের চকরিয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা চারা বটতলী এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো, চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নের হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুরিফা জান্নাত (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নানাবাড়িতে বেড়াতে এসে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি পুকুরপাড়ে খেলতে যায় দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায় এবং তলিয়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘উদ্ধারের সময় শিশুদের মুখ দিয়ে রক্তমিশ্রিত ফেনা বের হচ্ছিল, তখনই বোঝা যাচ্ছিল তাদের অবস্থা খুবই গুরুতর।’
পরে গুরুতর অবস্থায় দুই শিশুকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) মো. ফরিদ হোসেন বলেন, ‘পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


