নতুন মামলায় সুব্রত বাইনের মেয়ে খাদিজা গ্রেপ্তার

নতুন মামলায় সুব্রত বাইনের মেয়ে খাদিজা গ্রেপ্তার
সুব্রত বাইনের মেয়ে খাদিজাকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় মো. সজিব খান নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় তাকে অন্যতম সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত খাদিজাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুজ্জোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক হাসানুজ্জামান।

আবেদনে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাটারার নতুন বাজার এলাকায় আন্দোলনে অংশ নেন মো. সজিব খান। সেখানে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় আহত হন তিনি। ওই ঘটনায় অন্যান্য আসামিদের সঙ্গে খাদিজাও ঘটনাস্থলে গুলিবর্ষণ, ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপসহ নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ ঘটনায় বাদীসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও দগ্ধ হয়ে আহত হন। তদন্তে খাদিজার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

এতে আরও উল্লেখ করা হয়, আসামি জামিনে মুক্তি পেলে পালিয়ে গিয়ে তদন্ত কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারেন। এ কারণে মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

মামলার অভিযোগে বলা হয়, চব্বিশের ১৯ জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ভাটারা থানাধীন নতুন বাজার ব্রীজের নিচে ভুক্তভোগী মো. সজিব খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। এ সময় দেড়শ থেকে ২০০ জন ‘আওয়ামী লীগ সন্ত্রাসী’ লাঠি, লোহার রড, হকিস্টিক এবং আগ্নেয়াস্ত্রসহ আন্দোলনকারীদের উপর আক্রমণ চালায়। আসামিরা হত্যার উদ্দেশ্যে বাদী সজিবসহ মিছিলে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর গুলিবর্ষণ, হাত বোমা, পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করলে অনেক হতাহতের ঘটনা ঘটে। এ সময় বাদীর বাম হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় গত বছরের ১৪ মার্চ ভুক্তভোগী মো. সজিব খান বাদী হয়ে ভাটারা থানায় মামলা করেন।
এর আগে, গত বছরের ১৫ ডিসেম্বর খাদিজা ইয়াসমিনকে কুমিল্লা থেকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে রাতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর