অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা নতুন মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
দুদকের পক্ষের আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। এরপর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, বিচারপতি হিসেবে কর্মরত থাকাকালে শামসুদ্দিন চৌধুরী মানিক ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৯ লাখ ৬৬ হাজার ৮২০ টাকার সম্পদ অর্জন করেন। মামলায় এসব সম্পদের মালিকানা অর্জনপূর্বক তা দখলে রাখা এবং হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে দুদকের উপ-সহকারী পরিচালক পাপন কুমার শাহ ১১ সেপ্টেম্বর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গত বছরের ২৩ আগস্ট রাত ১০টার দিকে সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন থানায় করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোই বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।


