ঝিনাইদহের কালীগঞ্জে ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্টে শামীম হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে রফিকুল ইসলাম বাবু নামক আরেক কৃষক। বুধবার সকালে কালীগঞ্জের ষাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন উপজেলার বেথুলী গ্রামের আরিফুল ইসলামের ছেলে। আহত রফিকুল ইসলাম একই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে ষাটবাড়িয়া গ্রামের গোলাম রহমানের বাড়িতে মেশিনে বৈদ্যুতিক মটরের সংযোগ দিয়ে ধান মাড়াইয়ের কাজ করছিল শামীম হোসেন ও রফিকুল ইসলাম । এ সময় অসাবধনতাবশত শামীম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পাশে থাকা রফিকুল ইসলাম উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক শামীম হোসেনকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মহিমন ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শামীম হোসেন মারা গিয়েছিলেন। আহত রফিকুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জেল্লাল হোসেন বলেন, ‘ঘটনাটি জানতে পেরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। হাসপাতালে আনার আগেই বিদ্যুৎ স্পৃষ্ট একজনের মৃত্যু হয় আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।’


