দৌলতপুর সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধা

দৌলতপুর সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধা
ফাইল ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের বাধায় তা সম্ভব হয়নি।

শুক্রবার সকালে প্রাগপুর সীমান্তের একটি এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

জানা গেছে, বর্তমানে ওই ১২ জন ভারতীয় সীমান্তের কাছাকাছি অবস্থান করছেন। তাদের মধ্যে চারজন নারী, চারজন পুরুষ এবং চার শিশু আছে।

সীমান্ত এলাকায় অবস্থানরত স্থানীয় বাসিন্দারা জানান, বিজিবির সঙ্গে সমন্বয় করে তারা রাত-দিন সীমান্তে নজরদারিতে সহায়তা করছেন। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন।

আরও পড়ুন

এদিকে সীমান্তে বিজিবি সদস্যদের মাইকিং করে সতর্কতামূলক ঘোষণা দিতে দেখা গেছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে জোরদার করা হয়েছে টহল কার্যক্রম। দৌলতপুর সীমান্তের ১৪টি বিওপিতে (বর্ডার আউটপোস্ট) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্তে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। রাতের আঁধারে বিএসএফ বিভিন্ন সময়ে পুশইনের চেষ্টা করছে বলে আমরা তথ্য পেয়েছি। কোনো কোনো ক্ষেত্রে সীমান্তের আলো বন্ধ করেও এ ধরনের চেষ্টা চালানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘পুশইনের ঘটনাগুলো নিয়ে বিজিবির পক্ষ থেকে একাধিকবার পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ এখন পর্যন্ত এতে ইতিবাচক সাড়া দেয়নি।’

বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad