কক্সবাজারের টেকনাফে নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া অন্তত ৭০ বাংলাদেশি জেলেকে ফেরত দিচ্ছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ)।
সোমবার দুপুরে জেলেদের দেশে ফিরিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল টেকনাফ উপজেলার জালিয়াপাড়া ঘাট থেকে নাফ নদীর শূন্য রেখার উদ্দেশ্যে যাত্রা করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, সীমান্তবর্তী জলসীমা থেকে বিভিন্ন সময়ে আটক করে নিয়ে যাওয়া জেলেদের মধ্য থেকে অন্তত ৭০ জনকে ফেরত দিতে সম্মত হয়েছে আরাকান আর্মি। নাফ নদীর আন্তর্জাতিক শূন্য রেখায় উভয় পক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হবে। জেলেদের দেশে ফিরিয়ে আনার পর স্বাস্থ্য পরীক্ষা, পরিচয় যাচাই ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানিয়েছে, নাফ নদী ও বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকায় মাছ ধরার সময় প্রায়ই বাংলাদেশের জেলেরা মিয়ানমারের জলসীমার কাছাকাছি চলে গেলে তাদের ট্রলারসহ আটক করে নিয়ে যাওয়া হয়। পরে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ ও সমঝোতার ভিত্তিতে পর্যায়ক্রমে তাদের ফেরত আনা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া অন্তত ২০০ জেলে এখনো আরাকান আর্মির হাতে জিম্মি রয়েছেন। এদের মধ্যে কিছু রোহিঙ্গা থাকলেও অধিকাংশই বাংলাদেশি নাগরিক। অবশিষ্ট জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কূটনৈতিক ও সীমান্ত পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে।
উপকূলীয় এলাকার জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক জলসীমা মেনে মাছ ধরার জন্য জেলেদের প্রতি সচেতনতামূলক নির্দেশনাও দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।


