সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দিলেও আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়।
১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর গত ২৬ ফেব্রুয়ারি সেই সব মামলায় জামিন দেয় হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলোও স্থগিত হয়ে যায়।
এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখাতে সংশ্লিষ্ট থানা পুলিশ আবেদন করে। একটি মামলায় ২ মার্চ ও অপর মামলায় ১২ এপ্রিল গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।


