দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দেশটির জাতীয় সড়ক ট্রাফিক সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপ প্রদেশের পরিবহন বিভাগের মুখপাত্র মুনিরা আলি জানান, স্থানীয় সময় রোববার রাত সাড়ে ১১টার দিকে এন-১ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজের খবরে বলা হয়, পশ্চিম কেপ প্রদেশে প্রিন্স আলবার্ট ও লি-গামকা শহরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির সড়ক ট্রাফিক ব্যবস্থাপনা করপোরেশন জানিয়েছে, দুটি মিনিবাস ট্যাক্সি ও আরেকটি যানের মধ্যে সংঘর্ষ হয়।
কর্তৃপক্ষের ধারণা, প্রথমে বিপরীতমুখী দুটি মিনিবাস ট্যাক্সির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তৃতীয় যানটি এসে ওই দুটি গাড়ির ওপর আঘাত করে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার ঘটনায় তারা অপরাধমূলক অবহেলাজনিত মৃত্যুর তদন্ত শুরু করেছে।
দক্ষিণ আফ্রিকার সড়ক যোগাযোগ ব্যবস্থা আফ্রিকা মহাদেশের অন্যতম উন্নত হলেও দেশটি এখনো সড়ক দুর্ঘটনায় মৃত্যুর উচ্চ হার মোকাবিলা করছে। এর প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো, চলাচলের অনুপযোগী যানবাহন এবং সিট বেল্ট ব্যবহারে অনীহাকে দায়ী করা হয়।
দেশটিতে অনেক মানুষের প্রধান গণপরিবহন ব্যবস্থা মিনিবাস ট্যাক্সি। তবে এসব যানবাহন প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে।
দক্ষিণ আফ্রিকার সড়ক ট্রাফিক ব্যবস্থাপনা করপোরেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১১ হাজার ৪৮৫ জন নিহত হয়েছেন। আগের বছরের তুলনায় এ সংখ্যা ৫ শতাংশের বেশি কমেছে। নিহতদের বেশিরভাগই ছিলেন পথচারী।


