পাবনার ঈশ্বরদীতে তুরস্ক ও বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার অরণকোলা এলাকায় এ মেডিকেল ইন্ডাস্ট্রিজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের উপস্থিত থাকার কথা থাকলেও সরকারি বিশেষ কাজে ব্যস্ত থাকায় তিনি নরসিংদী থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। তিনি মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজের সফলতা কামনা করেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ দেশের স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। প্রতিষ্ঠানটি মেডিকেল ইকুইপমেন্ট আমদানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি দেশের হাসপাতালগুলোকে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহে ভূমিকা রাখবে।
তিনি বলেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ বাড়াতে আন্তরিকভাবে কাজ করছে। যারা দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসবেন, তাদের বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা দেওয়া হবে। প্রয়োজন হলে সরকার ভর্তুকিও দেবে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে সরকার কাজ করছে। এ প্রেক্ষাপটে শিল্প ও বাণিজ্যের সম্ভাবনা বিবেচনায় ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালু করা প্রয়োজন বলে তিনি মত দেন। এ সময় তিনি ভবিষ্যতে তার নির্বাচনী এলাকা লালপুরে একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং একটি ডায়াবেটিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মেগাসান বাংলাদেশের উৎপাদন প্লান্ট পরিদর্শন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেগাসান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নাজমুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কবির উদ্দিন আহমেদ, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মুনিরা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক কামরুল ইসলাম, মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন, পরিচালক ইউনুস সিলেকতিন, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার এবং ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব।
মেগাসান বাংলাদেশের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ওয়াহিদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মো. শহিদুল হাসান ববি সরদার।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি মেগাসান মেডিকেল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেডের অ্যাসেম্বলি প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেদিন মেগাসান তুরস্কের চেয়ারম্যান আরিফ সিলেকতিন প্রধান অতিথি হিসেবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


