বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার বিকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিএসআরএফ সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যসেবা বিভাগে চিঠি পাঠানো হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।
সভাপতি মাসউদুল হক অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে দ্রুত স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ জানান।
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বিএসআরএফের প্রস্তাবগুলো আন্তরিকভাবে বিবেচনার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহসভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


