ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। তারা হলেন—গুলশান থানার মামলার আসামি আব্দুল মাবুদ (৫৮) এবং নেত্রকোনার আটপাড়া থানার হত্যা মামলার আসামি আব্দুল বারেক (৭০)।
রোববার ভোর ও দুপুরে ঢামেকে তাদের মৃত্যু হয়।
কারাগার সূত্রে জানা গেছে, আব্দুল বারেকের বাড়ি নেত্রকোনার আটপাড়া থানা এলাকায়। সেখানকার একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি তিনি। বন্দী ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে। কারাগারের ভেতর শুক্রবার অসুস্থ হয়ে পড়লে ওইরাতেই তাকে ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।
অপরদিকে, রাজধানীর গুলশান থানার একটি মামলার আসামি আব্দুল মাবুদ। আমেরিকা এম্বাসিতে ঢুকে পড়ায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলায় তিনি হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। রোববার দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।


