ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা ২০২৬’ আয়োজন করা হচ্ছে।
আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে এই বইমেলা অনুষ্ঠিত হবে। শরিফ ওসমান হাদির স্মরণে এ আয়োজন করা হচ্ছে। বইমেলার উদ্বোধন করবেন ওসমান হাদির ভাই ওমর বিন হাদি।
সোমবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে বইমেলার ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি আশিক খান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
সংবাদ সম্মেলনে আশিক খান বলেন, ‘শহীদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন। তিনি আমাদের সময়ের প্রতিবাদী চেতনার নাম, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার এক অনন্য প্রতীক। ভারতীয় আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দমন-পীড়নের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করে।’
তিনি আরও বলেন, ‘এই বইমেলার মূল উদ্দেশ্য হলো ওসমান হাদির জীবন, আদর্শ ও সংগ্রামকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা। চিন্তা ও পাঠের মাধ্যমে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করা এবং বইকে প্রতিরোধ ও মুক্তচিন্তার কার্যকর হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা।’
বইমেলায় বিভিন্ন প্রকাশনার বইয়ের স্টল ছাড়াও স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান, সেমিনার, তরুণ লেখক ও পাঠকদের অংশগ্রহণে মতবিনিময় এবং ওসমান হাদির জীবন ও সংগ্রামভিত্তিক বিশেষ আয়োজন থাকবে বলে জানান তিনি।
এ সময় ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘শহীদ শরিফ ওসমান হাদির যে সাংস্কৃতিক লড়াই, সেটিকে এগিয়ে নিতেই আমাদের এই আয়োজন। আমরা প্রত্যেক বছর নিয়মিতভাবে এই বইমেলা আয়োজন অব্যাহত রাখব।’


