ঢাকা-আরিচা মহাসড়কের অবরোধ প্রত্যাহার

ঢাকা-আরিচা মহাসড়কের অবরোধ প্রত্যাহার
সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভরত স্থানীয় ইটভাটার মালিক ও শ্রমিকরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেছেন ইটভাটার মালিক-শ্রমিকরা। পুলিশ ইটভাটা মালিক-শ্রমিকদের দাবির বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার আশ্বাস দিলে বুধবার দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

এর আগে, ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানের প্রতিবাদে সকাল ১০টার দিকে ইটভাটার মালিক- শ্রমিকরা সাভারের তুরাগ এলাকায় ‘ভাকুর্তা ভাঙ্গা ব্রিজ’ সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা-উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের অভিযানের প্রতিবাদ জানিয়ে ইটভাটা সচল রাখার দাবি জানান বিক্ষোভকারীরা। এতে মহাসড়কের উভয় লেনে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ইটভাটার মালিকরা বলেন, ‘২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত আমাদের সময় দিতে হবে। আমাদের লেবারদের টাকা দেওয়া রয়েছে, মাটি সংগ্রহ করা আছে। তাই ২০২৬ সালের পর সরকার যদি বাধা দেয় তাহলে আমরা আর ইটভাটা চালাবো না।’

‘গত বছর আদালতের নির্দেশনার পর যখন অভিযান শুরু হয়, তখন আদালত বলেছিলেন যারা বৈধ আছেন তারা থাকেন। গত বছরই যদি সাভারকে “ডিগ্রেডেড এয়ার শেড” ঘোষণা করা হতো তাহলে এ বছর আমরা বিনিয়োগ করতাম না। আমাদের এখন পথে বসার উপক্রম হয়েছে। ঢাকার পরিবেশ আমরা দূষিত করতে চাই না। কিন্তু এই সিজনটা আমাদের সময় দিতে হবে। এছাড়াও আদালত থেকে আমরা রায় নিয়ে এসেছি। আমাদের পক্ষে আনা রায়ও মানা হচ্ছে না’ বলেও জানান তারা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, মহাসড়কে এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর