ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৬৬৮ জন নতুন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৫৫ জন মারা গেছেন এবং মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৫২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ ও ঢাকা উত্তর এলাকায় দু’জন করে এবং ঢাকা দক্ষিণ সিটিতে একজন ডেঙ্গুতে মারা গেছেন।
সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন, যার মধ্যে ১ হাজার ২৫৯ জন ঢাকার বাইরের।


