যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনাকে ‘অত্যন্ত উচ্চাভিলাষী, অস্বাভাবিক ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে ইরান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ অবসানে উপযুক্ত সময়ে তেহরান তাদের শর্ত প্রকাশ করবে বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে আল জাজিরার খবরে বলা হয়, বাঘায়ি বলেছেন, তেহরান কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।
তিনি বলেন, ‘কয়েক দিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে তারা (যুক্তরাষ্ট্র) কিছু প্রস্তাব দিয়েছে, এবং যুক্তরাষ্ট্রের ১৫ দফা পরিকল্পনাটি পাকিস্তান ও আরও কয়েকটি বন্ধুত্বপূর্ণ দেশের মাধ্যমে তুলে ধরা হয়েছে।’
‘এ ধরনের প্রস্তাব অত্যন্ত উচ্চাভিলাষী, অস্বাভাবিক এবং অযৌক্তিক’, যোগ করেন তিনি।
ইসমাইল বাঘায়ি জোর দিয়ে বলেন, ‘ইরানের নিজস্ব কাঠামো রয়েছে। আমাদের নিজস্ব স্বার্থ ও বিবেচনার ভিত্তিতে আমরা আমাদের দাবির একটি পূর্ণাঙ্গ কাঠামো তৈরি করেছি।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র মধ্যস্থতাকারীদের সঙ্গে সম্পৃক্ত হওয়াকে দুর্বলতার লক্ষণ হিসেবে দেখার কথাও প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরান দ্রুত ও সাহসিকতার সঙ্গে কোনো পরিকল্পনার জবাবে নিজেদের মতামত তুলে ধরে—এটিকে শত্রুর কাছে আত্মসমর্পণের লক্ষণ হিসেবে দেখা উচিত নয়।’
‘এই আলোচনা শুরু হওয়ার পর থেকেই আমরা আমাদের প্রতিক্রিয়া প্রস্তুত করেছি। প্রয়োজন হলে আমরা তা স্পষ্টভাবে জানিয়ে দেব।’


