আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা।
তিনি বলেন, মঙ্গলবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট আনুষ্ঠানিকভাবে আমরা ফেরত পাই।
‘হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের দখল ফিরে পেতে চেষ্টা চলছে, আশা করি খুব শিগগিরই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের দখলও আমরা ফেরত পাব। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,’ যোগ করেন তিনি।
আদালত সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের মোবাইল ফোনে ত্রুটি দেখা দিলেও তখন তিনি বুঝতে পারেননি, ফোনটি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। পরবর্তীতে বিষয়টি বুঝতে পারার আগেই তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বেদখল হয়ে যায়।
গত ২২ মার্চ মোবাইল ফোনটি ব্যবহার করতে না পারলে তিনি আইসিটি প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে বিষয়টি জানান। পরে জোহা ডিভাইসটি থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার অপসারণ করেন।
তানভীর হাসান জোহা টাইমস অব বাংলাদেশকে জানান, বিচারপতি অনবধানতাবশত প্রতারণামূলক লিংকে চাপ দেওয়া বা অননুমোদিত অ্যাপ্লিকেশন ডাউনলোড করার কারণে এ ঘটনা ঘটতে পারে।


