কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। এ ঘটনায় সীমান্তবর্তী উপকূলের জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার বিকেলে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।
অপহৃতরা হলেন- মাঝি সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) এবং মো. আইয়ুব (২৪)। প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কায়ুকখালী ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ট্রলারটি সেন্টমার্টিনের ছেড়া দ্বীপসংলগ্ন গভীর সাগরে যায়। সেখানে পৌঁছানোর পর আরাকান আর্মির সদস্যরা ট্রলারটিকে ধাওয়া করে আটক করে এবং ট্রলারসহ পাঁচ জেলেকে মিয়ানমারের দিকে নিয়ে যায়। এ সময় আশপাশে থাকা অন্য ট্রলারগুলো দ্রুত নিরাপদ স্থানে সরে যায়।
কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ঘটনার পর সীমান্তবর্তী সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি বিজিবি ও কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।


