টেকনাফে কিশোরকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

টেকনাফে কিশোরকে অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি
অপহৃত মোহাম্মদ মিসকাত | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ মিসকাত (১৬) নামে এক কিশোরকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।

গত ২৬ এপ্রিল রাতে ঘরের বাইরে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে ওই কিশোর। এই ঘটনায় অপহৃতের পরিবার টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

অপহৃত মিসকাত উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী জুম্মা পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল রাত আনুমানিক ১টার দিকে ঘর থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ হওয়ার পরদিন থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা মোবাইল ফোনে যোগাযোগ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে অভিযোগ করেছেন মিসকাতের বাবা মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ, এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে ছেলেকে তুলে নেওয়া হয়েছে বলে ধারণা করছি।’

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ জানান, সীমান্তবর্তী এলাকায় এ ধরনের অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত অপহৃত কিশোরকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপহৃত কিশোরকে উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। পরিবারের দেওয়া তথ্য যাচাই করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর