টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহতের ঘটনায় ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহতের ঘটনায় ১৪৪ ধারা জারি
Advertisement
Advertisement

টাঙ্গাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে কালাম তালুকদার (৬৫) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার সকাল ৬টা থেকে গোপালপুর উপজেলার গোলপেচা ও ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামে এই আইন জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ আদেশ জারি থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার গোলপেচা ও জগৎপরা গ্রামের বাসিন্দাদের মধ্যে চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। এ সময় প্রায় ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি গরু-বাছুর, গোলার ধান ও গৃহস্তালী সামগ্রী লুট করার অভিযোগ ওঠে। রাত ৮টায় গোপালপুরের নলিন বাজারে হামলা চালিয়ে শতাধিক দোকান ভাঙচুর ও লুট করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানান, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোলপেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের মধ্যে গত ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার বিকালে ফের সংঘর্ষে জড়ায় দুই গ্রামের বাসিন্দারা। দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে কালাম তালুকদারসহ অনেকেই আহত হন।

আরও পড়ুন

পরে তাদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাতেমা কালামকে মৃত ঘোষণা করেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নলিন বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, রাত ৮টার পর হেমনগর ইউনিয়নের শাখারিয়া গ্রামের কয়েকশত মানুষ নলিন বাজারে হামলা চালায়। তারা বেছে বেছে জগৎকুড়া গ্রামের ব্যবসায়ীদের দোকান ভাঙচুর ও লুট করে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাব্বির রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহু বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর এবং বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad