ঝালকাঠির নলছিটিতে ট্রলি গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম লিমা আক্তার (৩০)।
এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী।
সোমবার সকাল ৯ টা ৪০ মিনিটে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের লক্ষণকাঠি এলাকায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত লিমা আক্তার ইশ্বরকাঠি এলাকার ব্যবসায়ী রাজু মল্লিকের স্ত্রী। তাদের ৫ বছর ও ২ বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
আহতের বড় ভাই ইউপি সদস্য পারভেজ মল্লিক জানান, বাড়ি থেকে মোটরসাইকেলে ঝালকাঠি আসার সময় পিছন থেকে এক ট্রলি ধাক্কা দেয়। এ সময় একটা নৌবাহিনীর গাড়িকেও ধাক্কা দেয় ট্রলিটি।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিমা আক্তারকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


