রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে পাপ্পু শেখ (২৮) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন গ্যাস পাইপ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পাপ্পু শেখ মাদারীপুরের রাজৈর উপজেলার মন্টু শেখের ছেলে। তিনি জুরাইন এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
নিহতের খালাতো ভাই মোহাম্মদ সম্রাজ জানান, পাপ্পু অটোরিকশা চালায়। জুরাইন মিষ্টির দোকান এলাকায় পরিবার নিয়ে থাকতো। সন্ধ্যায় বাসা থেকে বের হলে ১০ মিনিট পরই খবর আসে, জুরাইন গ্যাসপাইপ কনকর্ড স্কুলের সামনে তাকে গুলি করা হয়েছে। খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত সোয়া ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‘শুনেছি বাপ্পা ও স্থানীয় কানচি নামে একজনসহ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী পাপ্পুকে গুলি করে পালিয়ে গেছে। তবে কেন এ ঘটনা ঘটানো হয়েছে তা এখনও জানি না’, যোগ করেন তিনি।
নিহতের বন্ধু মোহাম্মদ সানি জানান, কিছুদিন আগে বাপ্পার ভাতিজা হিমেলের সঙ্গে পাপ্পুর ঝগড়া হয়েছিল। সেই ঘটনার জেরে হত্যার ঘটনা ঘটতে পারে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, কদমতলী থানা ঘটনাটির তদন্ত করছে।


