রাঙ্গামাটির কাউখালীতে ভোটকেন্দ্রে যাওয়ার পথে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা। কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা তার ভোটারদের বাধা প্রদান ও মারধর করে বলে অভিযোগ করেন তিনি।
পহেল চাকমা জানান, তার নির্বাচনী প্রতীক ‘ফুটবল’ মার্কায় ভোট দেবেন—এমন খবর পেয়ে একদল লোক ৫ জন ভোটারের ওপর চড়াও হয়। মারধরের শিকার হওয়া ব্যক্তিরা হলেন থুই ক্রো মারমা, রুইশিমা মারমা, চদ্রধন চাকমা, প্রতিময় চাকমা ও মিকা চাকমা।
স্বতন্ত্র প্রার্থীর দাবি, ভোটারদের মনে ভয়ভীতি সৃষ্টি করে কেন্দ্রে যাওয়া আটকাতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এই ঘটনায় তিনি মো. ইকবাল, মো. বেলাল, মো. শাহাবুদ্দিন, দুই জন মো. রাশেদ এবং মো. তোফায়েলসহ মোট ছয়জনের নাম উল্লেখ করে প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, কাউখালী উপজেলায় দুই পক্ষের মারামারিতে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কারা এই হামলার সাথে জড়িত বা কোন পক্ষ আক্রান্ত হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পুলিশ সুপার আরও জানান, আহত ব্যক্তিরা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আশ্বস্ত করেছেন পুলিশ সুপার।


