টিবি রোগে আক্রান্ত হয়ে গাজীপুর সাফারি পার্কের সর্বশেষ জিরাফের মৃত্যু হয়েছে। এর ফলে সাফারি পার্কে আর কোনো জিরাফ রইল না।
শনিবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান। তবে, জিরাফটির মৃত্যু হয় গত বৃহস্পতিবার।
তারেক রহমান জানান, দীর্ঘদিন ধরে সাফারি পার্কের সর্বশেষ জিরাফটি টিবি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিল। জিরাফটিকে সুস্থ করতে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। মেডিকেল বোর্ডের সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার পার্কের ভেতরেই জিরাফটির মৃত্যু হয়।
মৃত্যুর পর জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তারপর পার্কের ভেতরেই মাটি চাপা দেওয়া হয়। এটির মৃত্যুতে পার্কটি জিরাফ শূন্য হয়ে পড়েছে বলেও জানান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক জানান, জিরাফ মৃত্যুর ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার সময় দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয়। আন্তর্জাতিক প্রাণী বিপণন প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে জিরাফগুলো আমদানি করে কর্তৃপক্ষ। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও চারটি জিরাফ বাচ্চা দেয়।
অন্যদিকে, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে বেশকিছু জিরাফ মারা যায়। সর্বশেষ এই স্ত্রী জিরাফ বেঁচে ছিল।


