আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী ও সমমনা সাত দলের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হচ্ছে মঙ্গলবার। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ তথ্য জানিয়েছেন।
সোমবার রাতে পুরানা পল্টনের কালভার্ট রোডে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দল। আসন সমঝোতার মাধ্যমে ইসলামী ঐক্যের ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে। সমঝোতার মাধ্যমে একটি আসনে ৮ দলের একজন প্রার্থী থাকবে।’
তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ইসলামী সমমনা আট দল দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের দিনই গণভোট আয়োজনের প্রস্তাব মেনে নিয়েছে।
সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের বলেন, ‘গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে ডিসেম্বর মাসজুড়ে স্ব স্ব দল প্রচারণা চালাবে।’
একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নিলেও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট অপরাধীদের বিচার এবং ফ্যাসিবাদের সহযোগী দলগুলোর ওপর নিষেধাজ্ঞার দাবি বহাল রয়েছে বলেও তিনি জানান।
বৈঠকে আট দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইতোমধ্যে জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দাবিতে দেশের আট বিভাগে সমাবেশ আয়োজন করেছে ইসলামী দলগুলো।


