জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জানুয়ারি।
সোমবার রাতে শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. আকতার মাহমুদের সই করা নির্বাচনী সময়সূচিতে এ তারিখ জানানো হয়।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, শিক্ষক সমিতির নির্বাচনে মোট ১৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলোর মধ্যে রয়েছে একটি সভাপতি, একটি সহ সভাপতি, একটি কোষাধ্যক্ষ, একটি সম্পাদক, একটি যুগ্ম সম্পাদক এবং ১০টি কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ।
এ ছাড়া ড্রাফট ভোটার তালিকা প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর। একই সঙ্গে ভোটার তালিকা সংশোধনের জন্য লিখিত আপত্তি ৪ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। সংশোধিত ভোটার তালিকা একই দিনে বেলা ৩টায় প্রকাশ করা হবে।
সময়সূচিতে জানানো হয়, প্রার্থী মনোনয়নপত্র জমা নেওয়া হবে ৫ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই হবে ১২টা থেকে ৩টা পর্যন্ত। বৈধ প্রার্থীর তালিকা বিকাল ৩টা ১৫ মিনিটে প্রকাশিত হবে।
নির্বাচিত প্রার্থীরা ৮ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত প্রার্থীর তালিকা একই দিন বিকাল ৩টা ৩০ মিনিটে ঘোষণা করা হবে।
আগামী ১৫ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অফিসার ক্লাবে। এদিন বিকেল ২টা ৩০ মিনিটে ভোট গণনা শুরু হবে এবং ভোট গণনা শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
তিন সদস্য বিশিষ্ট কমিশনে বাকি দুই সদস্য হলেন ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম এবং বাংলা বিভাগের শিক্ষক মো. মামুন অর রশীদ।
এ সময় নির্বাচন সংক্রান্ত ভোটার তালিকা, মনোনয়নপত্র ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংগ্রহ করা যাবে নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে।


