জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এরপর সুনামি সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা।
জেএমএ’র তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি উপকূলের কাছে এই ভূমিকম্প আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে যার গভীরতা ছিল ২০ কিলোমিটার।
জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ফলে পারমাণবিক স্থাপনাগুলোয় অস্বাভাবিকতার কোনো লক্ষণ তাৎক্ষণিকভাবে দেখা যায়নি।
এর আগে গত সোমবার একই এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৫০ জন আহত হয়েছিল ।
ওই ভূমিকম্পের পরপরই জেএমএ উত্তরে হোক্কাইডো থেকে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত এলাকার বাসিন্দাদের জন্য একটি বিশেষ সতর্কতা জারি করেছিল। যেখানে বলা হয়েছিল, এক সপ্তাহের মধ্যে আবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার শঙ্কা রয়েছে।
জাপানের এই উত্তর-পূর্ব অঞ্চলটিতে ২০১১ সালের বিশাল ৯ দশমিক শূন্য মাত্রার সমুদ্রগর্ভস্থ ভূমিকম্পের স্মৃতি এখনো অম্লান। সেসময় ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে অন্তত সাড়ে ১৮ হাজার মানুষ নিহত হয়েছিলেন, হারিয়ে গিয়েছিলেন।


