কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, বর্তমান সরকারকে অবিলম্বে একটি জাতীয় নার্স কমিশন গঠন করতে হবে এবং আন্তর্জাতিকভাবে গৃহীত ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতি বাস্তবায়নের মাধ্যমে নার্সিং পেশাকে যথাযথ স্বীকৃতি দিতে হবে।
তিনি বলেন, ‘সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে আমরা একত্রিত হয়েছি। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই আন্তর্জাতিকভাবে গৃহীত “সবার জন্য স্বাস্থ্য” নীতি বাস্তবায়ন করে নার্সিং পেশার মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে।’
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
দেশের স্বাস্থ্যসেবাকে ‘ডাক্তারিকরণ’ বা মেডিকেলাইজেশনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেন ফরহাদ মজহার।
তিনি বলেন, ‘চিকিৎসা পুরোপুরি ডাক্তারদের নিয়ন্ত্রণে চলে গেছে। একজন ডাক্তার অন্তত দুইবার প্রেসক্রিপশন দেন। ভালো ডাক্তার হলে কিছুটা কম দেন। আর সেই ওষুধ তৈরি করে বড় বড় কোম্পানি। এখন বাজারে দশটির মধ্যে পাঁচটি দোকানই হচ্ছে ওষুধের দোকান।’
সরকারের প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘সরকার আগে প্রতিশ্রুতি দিয়েছিল সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করবে। এখন প্রশ্ন হচ্ছে, কেন তা বাস্তবায়ন হয়নি? বর্তমান সরকারের উচিত আগের সরকারের ব্যর্থতা তদন্ত করা। কোটি কোটি টাকা বিদেশ থেকে ঋণ এনে স্বাস্থ্য খাতে ব্যয় করার কথা ছিল, সেই টাকা কোথায় গেল?’
তিনি আরও বলেন, ‘নার্সদের সম্মান, পেশাগত মর্যাদা এবং অধিকার নিশ্চিত না হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। দ্রুতই স্বাস্থ্য আন্দোলনের সঙ্গে নার্সদের যুক্ত করে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে।’


