জাতীয় পর্যায়ে নবম বাংলাদেশ জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএও) ২০২৬-এর জুনিয়র ক্যাটাগরিতে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে আরাশ জুহাইর উদয়।
শনিবার রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সে প্রথম স্থান বা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সারা দেশে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়, যেখান থেকে যোগ্যতম প্রতিযোগীরা জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।
সারা দেশের প্রায় ৪০০ মেধাবী শিক্ষার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মেধা তালিকায় সেরা ৩০ জনকে নির্বাচিত করা হয়, যাদের মধ্যে উদয় শীর্ষস্থান দখল করে।
উল্লেখ্য যে, জাতীয় পর্যায়ের এই বিজয়ীদের মধ্য থেকে চূড়ান্তভাবে বাছাইকৃত সেরা পাঁচজন আগামী নভেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। উদয়ের এই সাফল্যে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।


