জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে শুক্রবার রাতে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ৯টায় এ অধিবেশন শুরু হবে।
বার্তা সংস্থা বাসসের খবরে বলা হয়, জাতিসংঘ অধিবেশনে দিনের ১০ম বক্তা হিসেবে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন।
এতে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অঙ্গীকার, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং রোহিঙ্গা সঙ্কটের বিষয়গুলো তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানান, মুহাম্মদ ইউনূস গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনীতি পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন।
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে সরকারের গৃহীত উদ্যোগগুলোও ভাষণে গুরুত্ব পাবে।’
‘মূল বার্তাটি হবে- ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে। বিশ্ববাসীর কাছে প্রধান উপদেষ্টা আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি তুলে ধরবেন। আসন্ন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর’, বলেন শফিকুল আলম।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছান মুহাম্মদ ইউনূস। এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা ঢাকা থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন।
এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন।


