কিশোরগঞ্জের মিঠামইনে দুই ছোট ভাইকে হাত-পা বেঁধে রেখে বড় ভাইকে বল্লম দিয়ে আঘাত করে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার মুশুরিয়া এলাকার ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান (৩০) মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের ধলাই গ্রামের ফুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর রহমান তার দুই ভাই আনিছুর রহমান ও আতাউর রহমানকে নিয়ে ঘোড়াউত্রা নদীতে রিংজাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় মুখোশ পরা চারজন ব্যক্তি দেশীয় অস্ত্র বল্লম ও দা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে আনিছুর ও আতাউরকে মারধর করে হাত-পা বেঁধে ফেলেন। পরে সাইদুর রহমানকে বল্লম দিয়ে আঘাত করে নদীতে ফেলে দেওয়া হয়। তিনি পানিতে ডুবে গেলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, সাইদুরের ডান পাশের ফুসফুসের উপরের অংশে গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয়েছে।
নিহতের ছোট ভাই হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, ‘চার-পাঁচ দিন আগে জাল ফেলাকে কেন্দ্র করে মশুরিয়া গ্রামের নোয়াব মিয়াসহ কয়েকজনের সঙ্গে সাইদুর রহমানের কথা-কাটাকাটি হয়েছিল। সে সময় নোয়াব মিয়া তাদের ওই এলাকায় জাল ফেললে ঝামেলা হবে বলে হুমকি দিয়েছিলেন।’
তার দাবি, পূর্বের সেই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। নিহত সাইদুর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


