দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিনেও প্রধান স্থাপনা ও ডিপো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
ফলে এখন থেকে শুক্র ও শনিবারও বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার বিপিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা খোলা রেখে নিয়মিত তেল সরবরাহ চালু রাখা হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী বিদেশ থেকে নিয়মিত জ্বালানি তেল আমদানি করা হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব তেল প্রধান স্থাপনা থেকে রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে দেশের বিভিন্ন ডিপোতে পাঠানো হয়। সেখান থেকে ফিলিং স্টেশনসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর জ্বালানি সরবরাহ নিয়ে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দেয়। এর ফলে দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনগুলোতে গাড়ির ভিড় বাড়ে এবং স্বাভাবিক সময়ের তুলনায় তেল বিক্রি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।
এ পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখতে এর আগে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল বিক্রির ওপর সীমা নির্ধারণ করে বিপিসি। মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের জন্য দৈনিক বিক্রির পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়।
বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, ছুটির দিনেও ডিপো খোলা থাকলে জ্বালানি তেল পরিবহন ও সরবরাহ কার্যক্রম আরও দ্রুত ও স্বাভাবিক হবে। এতে ফিলিং স্টেশনগুলোর ওপর চাপ কমবে এবং বাজারে সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে।


