চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড নিতে এসে অসুস্থ হয়ে বখতিয়ার হোসেন (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
নিহত বখতিয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলার ভেদামারী গ্রামের হাজী মো. রফি উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই ফুয়েল কার্ড সংগ্রহ করতে উপজেলা চত্বরে মানুষের উপচে পড়া ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বখতিয়ার হোসেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, নিহত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন। উপজেলা চত্বরে অতিরিক্ত ভিড় ও তীব্র গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত ক্লিনিকে নেওয়া হলে সেখানে স্ট্রোক করে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দাফনের জন্য তার নিজ গ্রাম ভেদামারীতে নেওয়া হয়েছে।


