চিরবিদায় নিলেন হকির নিবেদিতপ্রাণ সংগঠক জাকী আহমেদ রিপন

চিরবিদায় নিলেন হকির নিবেদিতপ্রাণ সংগঠক জাকী আহমেদ রিপন
হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি ও আবাহনী ক্লাবের প্রখ্যাত হকি সংগঠক জাকী আহমেদ রিপন আর নেই। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দেশের ক্রীড়াঙ্গন ও হকি পাড়ার অতি পরিচিত মুখ, বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সহ-সভাপতি জাকী আহমেদ রিপন আর নেই। বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছরের কিছু বেশি। চার দশকেরও বেশি সময় ধরে মাঠ আর ক্লাব প্রাঙ্গণ যাঁর পদচারণায় মুখর থাকত, সেই প্রিয় মুখটির আকস্মিক বিদায়ে আজ স্তব্ধ হয়ে পড়েছে আবাহনী ক্লাব ও হকি অঙ্গন।

হকির সঙ্গে রিপনের সম্পর্ক ছিল হৃদয়ের। প্রায় ৪০ বছর আগে আবাহনী ক্লাবের হয়ে খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন। তবে মাঠের খেলোয়াড় ছাড়িয়ে তিনি বড় হয়ে উঠেছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আবাহনী হকি দল গঠনে তাঁর ভূমিকা ছিল অবিচ্ছেদ্য। আবাহনী হকি কমিটির সেক্রেটারি এবং এক সময়ের সফল ম্যানেজার হিসেবে অনেক প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার কারিগর ছিলেন তিনি। তাঁর দীর্ঘদিনের বন্ধু শহিদুল্লাহ দোলন ও আবাহনী ক্লাব সংশ্লিষ্টরা তাঁর এই আকস্মিক প্রস্থানের সংবাদটি নিশ্চিত করেছেন।

জাকী আহমেদ রিপন শুধু ক্লাবেই সীমাবদ্ধ ছিলেন না, নেতৃত্ব দিয়েছেন জাতীয় পর্যায়েও। হকি ফেডারেশনের নির্বাচিত কমিটির সহ-সভাপতি এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বিগত কমিটির সদস্য হিসেবে তিনি তাঁর প্রশাসনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে পদ-পদবির চেয়েও হকির প্রতি একনিষ্ঠ ভালোবাসাই তাঁকে সবার কাছে শ্রদ্ধেয় করে তুলেছিল। ফেডারেশন ও অলিম্পিক অ্যাসোসিয়েশনে দায়িত্ব পালন করলেও সবাই তাঁকে ‘হকি অন্তপ্রাণ’ সংগঠক হিসেবেই চিনত।

পারিবারিক জীবনে রিপন রেখে গেছেন স্ত্রী ও দুই কন্যাকে। সম্প্রতি বড় মেয়ের বিয়ে দিয়ে জীবনের এক বড় দায়িত্ব শেষ করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হকি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্য। শোকাবার্তায় ফেডারেশন জানিয়েছে, ‘তাঁর এই অকাল প্রয়াণে ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর