‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সিয়াম ইবনে আলম জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে।
মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা যান জসীম। জসীমের তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল এবং এ কে সামী। বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি তারা, কাজ করছেন সংগীতজগতে। তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে।
এর মধ্যে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, রাতুল ও সামী যুক্ত আছেন ‘ওইনড’ ব্যান্ডের সঙ্গে। রাতুল ওইনডের ভোকালিস্ট ও বেজিস্ট, সামী ড্রামার।
এদিকে, রাতুলের মৃত্যুতে সংগীতশিল্পীরা শোক জানিয়েছেন। সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীন ফেসবুকে লিখেছেন, ‘হঠাৎ রাতুলের মৃত্যুসংবাদ শুনে আমি স্তব্ধ ও গভীরভাবে শোকাহত। তিনি দেশের অন্যতম সেরা শব্দ প্রকৌশলী ও ওন্ড ব্যান্ডের শক্তিশালী কণ্ঠস্বর ছিলেন। আমাদের সংগীতাঙ্গন থেকে একটি আলো হারিয়ে গেলে। তার পরিবার, বন্ধুদের জন্য প্রার্থনা রইল।’
সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী লিখেছেন, ‘ওন্ড’ এর গান আর শুনতে পারব না! রাতুল আমার দেখা সবচেয়ে বিনয়ী সংগীতশিল্পীদের একজন। আমি বিশ্বাসই করতে পারছি না তিনি আর নেই। জীবন এত ছোট এবং অপ্রত্যাশিত।


