সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
শনিবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ রিমান্ড আদেশ দেন।
এদিন বিকালে একটি সাদা প্রাইভেটকারে আসামি অপুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এনে হাজতখানায় রাখা হয়। এরপর তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে তোলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান আসামি অপুর ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী তার জামিন চান।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষ রিমান্ডের জোর দাবি জানায়। শুনানি শেষে আদালত আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে চাঁদাবাজির ঘটনায় শুক্রবার অপুকে রাজধানীর ওয়ারী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা হয়। হাতেনাতে ধরা পড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। তাদের মধ্যে কথিত সমন্বয়ক রিয়াদসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে।


